দেশের কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সরকারের ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠ থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নস্থ ক্লাব রিসোর্টে এ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুল হক মিলন বলেন, “কৃষক দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। কৃষকদের জীবনমানের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক বিকাশ কখনো টেকসই হতে পারে না। কৃষকদের পাশে দাঁড়াতে ও তাদের ফসলি উৎপাদন বাড়াতে সরকার ‘কৃষক কার্ড’-এর মতো যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে।” কোনো ধরনের হয়রানি ছাড়াই কৃষকরা যাতে সরকারি সব সেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, “কৃষক কার্ডের মাধ্যমে প্রণোদনাসহ সরকারের বিভিন্ন আর্থিক ও কৃষি বিষয়ক সাহায্য-সহযোগিতা কৃষকদের হাতে সহজ ও সুশৃঙ্খলভাবে পৌঁছে যাবে।” অন্যদিকে, কৃষকদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে পাশে থাকবে বলে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার), জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ড. মো. আবদুল্লাহ-আল ফারুক, স্থানীয় সরকারের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান।
এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক সুবিধাভোগী কৃষক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।