গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগ পরিচালিত বিশেষ অভিযানে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১২ জন দুর্ধর্ষ ছিনতাইকারী এবং ০৯ জন মাদক ব্যবসায়ী রয়েছে।
উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় গোপন সংবাদের ভিত্তিতে জিএমপির টঙ্গী পশ্চিম, টঙ্গী পূর্ব এবং গাছা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে ০৬ জন ছিনতাইকারী ও ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে ১০ জন ছিনতাইকারী ও ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা এবং ১৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এছাড়া গাছা থানা এলাকা থেকে ০১ জন ছিনতাইকারী ও ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়, যাদের নিকট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ নানা অপরাধের রেকর্ড রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।