গাজীপুরে সড়ক পারাপারের সময় প্রিজম ভ্যানের চাপায় গৌরী রানী (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর রাজবাড়ী রোডের রেল কোচিং এলাকার কাজী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নিহত গৌরী রানী ঢাকার গেন্ডারিয়া এলাকার নারায়ণ চন্দ্র দাসের স্ত্রী। বর্তমানে সন্তানদের সঙ্গে তিনি গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় বসবাস করতেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে গৌরী রানী চিকিৎসা ও ওষুধ কেনার জন্য বোর্ডবাজার থেকে গাজীপুর শহরের দিকে আসেন। পরে রাজবাড়ী রোডের রেল ক্রসিং কাজী মার্কেটের সামনে সড়ক পার হওয়ার সময় একটি প্রিজম ভ্যানের নিচে চাপা পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রিজম ভ্যানটি আসামি নিয়ে গাজীপুর আদালত এলাকায় যাচ্ছিল। দুর্ঘটনার পর ভ্যানটি ঘটনাস্থল থেকে চলে যায় বলে তারা জানান।
গুরুতর আহত অবস্থায় পুলিশ ও স্থানীয় লোকজন গৌরী রানীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, অজ্ঞাত একটি গাড়ির চাপায় গৌরী রানীর মৃত্যু হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাড়িটি প্রিজম ভ্যান বলে দাবি করা হয়েছে। দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সেটিও পর্যালোচনা করে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়ি শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।