গাজীপুরের একটি রিসোর্টে ডিজে পার্টিতে অভিযান চালিয়ে বিদেশি মাদকসহ ৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজিপুর জেলা কার্যালয় হতে অভিযান চালিয়ে 'পূবাইল রিসোর্ট ক্লাব'-এর লেকের ভিতরে টিউবরোজ নামের কটেজে তল্লাশি করে বিপুল মাদক উদ্ধার করেছে। এসময় ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ মনিরুজ্জামান তানজিম (২৯), তুষার আহমেদ নিশু (৩২), মহিদুল ইসলাম রাহাত (২৮), কাসফিয়া নিশাত (২৫)।
গ্রেফতারকালে, এমডিএমএ বা এক্সটাসি ২১ পিস, কুশ ২৪ গ্রাম, কোকেন ১ গ্রাম, বিদেশি মদ ৪ বোতল স্ট্রবেরি ড্রিম ইনফিউজড গামিস ২০ গ্রাম, ডিজিটাল ভিডিও রেকর্ডার ১টি, আইফোন ৩টি, একটি অপপো ফোন জব্দ করা হয়।
ধানক্ষেতে পড়ে ছিল মৎস্যজীবী দল নেতার মরদেহ
আসামিদের জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, রিসোর্ট ক্লাবে ফেস্টিভ্যাল (ইভেন্ট) এর আয়োজক মোহাম্মদ মনিরুজ্জামান তানজিম, তুষার আহমেদ নিশু এবং মহিদুল ইসলাম রাহাত এর নেতৃত্বে রিসোর্টটি সোনিক প্লাস নামের ব্যানারে পরিচালনা করা হয়। যেখান থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ তরুণীদের মধ্যে বিভিন্ন ধরনের সিনথেটিক মাদকদ্রব্য সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, রিসোর্ট ক্লাব কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, অনুষ্ঠান আয়োজনের জন্য রিসোর্ট ক্লাবটি আসামি মোহাম্মাদ মনিরুজ্জামান তানজিম, তুষার আহমেদ এবং মহিদুল ইসলাম রাহাত ভাড়া নিয়েছিলেন। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।