প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৯:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১:১৭ পি.এম
গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিক আন্দোলনের আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে—এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি।
আজ বুধবার বিকেলে শহরের রাজবাড়ী রোডস্থ গাজীপুর মহানগর বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রাজবাড়ী সড়কে গিয়ে শেষ হয়। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নেতারা অভিযোগ করেন, চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে একটি মহল শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, জয়নাল তালুকদার, শেখ ইমরান রেজা, মাহমুদুল হাসান মিরন এবং মইজ উদ্দিন তালুকদার প্রমুখ।
স্বত্বতা © অজানা খবর ডট কম সর্বস্বত্ব সংরক্ষিত।