গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (১১ নভেম্বর ২০২৬) তারিখে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী কাজী ছাইয়েদুল আলম বাবুলকে অন্যান্য পেশা, ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে (গ্রেড-২) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
গাজীপুরের পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন, ভূমির সুষ্ঠু ব্যবহার এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এসব উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।