গাজীপুরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ 'কাচ্চি ডাইন'-এ মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (উপপরিচালক) জনাব বি.এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে রেস্তোরাঁটিতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও একাধিক অনিয়ম পরিলক্ষিত হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য—
রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পরিচালনা করা,রান্নাঘরে ইঁদুর ও তেলাপোকার উপস্থিতি, মেয়াদ টেম্পারিং (পরিবর্তন) করে কনডেন্সড মিল্ক সংরক্ষণ ও ব্যবহার করা রেফ্রিজারেটরে কোনো প্রকার লেবেল ছাড়া মাংস সংরক্ষণ করা, ফায়ার লাইসেন্স ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়া ।
এসব অপরাধে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী কাচ্চি ডাইনকে ২,০০,০০০ (দুই লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে ঢাকা জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: নাজমুল ইসলাম, মনিটরিং অফিসার জনাব মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা, সাভারের নিরাপদ খাদ্য পরিদর্শক মো: মোজাম্মেল হোসেনসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।