গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন।
এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন। হতাহতরা একই পরিবারের সদস্য। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটায় টঙ্গী উড়ালসড়কের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা খাতুন ও ইয়াছিন ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া এলাকার বাসিন্দা মো. চান মিয়ার স্ত্রী ও ছেলে। টঙ্গী সরকারী হাসপাতালে অবস্থানরত মো. চান মিয়া জানান, গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে তারা টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় ফেরার জন্য আলম এশিয়া পরিবহনের একটি বাসে করে টঙ্গী স্টেশন রোড এলাকায় আসেন। বাস থেকে নামার পর আয়েশা, ইয়াছিন ও আরজিনা পাশের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আয়েশা খাতুনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। আহত আরজিনাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ কাভার্ড ভ্যান ও চালককে আটক করে হেফাজতে নেয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, দুই জন নিহত হয়েছে। ঘাতক গাড়ি চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।