মিয়ানমারে পাচারের সময় ৩০ লাখ টাকার ওষুধসহ তিনজন আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ট্রাকভর্তি আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ওষুধসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
আটকরা হলেন—টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার মোজাম্মেল হকের ছেলে মো. হারুন মিয়া (২৬), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টিএন্ডটি এলাকার মো. জয়নালের ছেলে মো. আকছার এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম বড়ুয়াপাড়ার বিপন বড়ুয়ার ছেলে জিদান বড়ুয়া (১৮)।
লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, রোববার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে যানবাহনে করে বিপুল পরিমাণ ওষুধ মিয়ানমারে পাচারের খবর পেয়ে বিজিবির একটি দল অভিযান চালায়। একপর্যায়ে কাস্টমস মোড় এলাকায় একটি সন্দেহজনক ট্রাক দেখতে পেয়ে সেটিকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা।
পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাকে থাকা তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা ওষুধের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।








