টঙ্গীতে প্রায় ১৫ হাজার ইয়াবা ও ১৭ লাখ নগদ টাকাসহ নারী গ্রেপ্তার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত নারীর নাম সুমাইয়া আক্তার (৩১)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জিএমপির মহানগর গোয়েন্দা বিভাগের (উত্তর) উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে মহানগর গোয়েন্দা বিভাগের (উত্তর) উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে এসআই (নিঃ) মো. কামারুল হাসান, এসআই (নিঃ) জিল্লুর রহমান ও এসআই (নিঃ) মো. আলামিন হোসেন অংশ নেন।
গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার কছিম উদ্দিন রোডস্থ ফ্রেন্ডস টাওয়ারের ৬(বি) নম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমাইয়া আক্তারকে আটক করা হয়। পরে তার ভাড়া নেওয়া ফ্ল্যাট বাসা তল্লাশি করে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা এবং একটি অ্যাশ কালারের ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৪০ হাজার টাকা (প্রতি পিস ৩০০ টাকা হিসেবে) বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সুমাইয়া আক্তার গাজীপুর মহানগরের গাছা থানার কলমেশ্বর এলাকার মো. আনোয়ার হোসেন ও মোছা. জমিলা খাতুনের মেয়ে। তিনি বর্তমানে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়ার ফ্রেন্ডস টাওয়ারে বসবাস করছিলেন।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানান।








