গার্মেন্টস শ্রমিকদের বাড়িভাড়া বাড়ালে আইনগত ব্যবস্থা: ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি

গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টস শ্রমিকদের বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে বাড়ির মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহীদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, সরকার শ্রমিকদের কথা বিবেচনা করে তাদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কোনো বাড়ির মালিক যেন গার্মেন্টস শ্রমিকদের বাড়িভাড়া না বাড়ান, সে বিষয়েও সরকারের সিদ্ধান্ত রয়েছে। কেউ গার্মেন্টস শ্রমিকদের বাড়িভাড়া বৃদ্ধি করলে সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, শ্রমিকরা ন্যায্য মজুরি পাওয়ার পরও একটি পক্ষ পার্শ্ববর্তী রাষ্ট্রের উদ্দেশ্য হাসিল করতে এবং ফ্যাসিস্টদের উস্কানি ও মদদে গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ উদ্দেশ্যে কারখানায় হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে। সম্মিলিতভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি।
সভায় গার্মেন্টস শ্রমিকদের বসবাসরত বাড়ির মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।








