গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে (এসটিএএমসিএইচ) টিএ-৮ ব্যাচের নতুন ইন্টার্ন চিকিৎসকদের নবীনবরণ ও শুভ উদ্বোধন অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কলেজের লেকচার গ্যালারি-১ এ উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু (এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য ও সেন্ট্রাল ড্যাবের উপদেষ্টা ডা. মাঝহারুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধান (স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগ) অধ্যাপক ডা. জোবাইদা সুলতানা: অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধান (স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগ), পরিচালক (ডেন্টাল), স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) ও আহ্বায়ক, ড্যাব গাজীপুর ডা. মোহাম্মদ আলী আকবর পোলান, পরিচালক, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, ডা. মো. আমিনুল ইসলাম, সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক্স), শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ডা. মো. কামরুল ইসলাম কামাল।
উক্ত নবীনবরণ অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ও টিএ-৮ ব্যাচের ইন্টার্ন সমন্বয়কারী ডা. মোহাম্মদ খলিলুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা নবাগত ইন্টার্ন চিকিৎসকদের অভিনন্দন জানান এবং চিকিৎসা পেশার মহান ব্রত বজায় রেখে রোগীদের সেবা প্রদানের আহ্বান জানান।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন চিকিৎসকরা তাদের মেধা ও পেশাগত দক্ষতার মাধ্যমে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নবীন চিকিৎসকরাও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ নিবেদিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।







