কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসিকে জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির দায়ে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে সফিপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সফিপুর বাজার এলাকার ‘রোজা মেডিসিন কর্নার’ ও ‘সাগরিকা ফার্মেসি’তে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ ও বিক্রি হয়ে আসছিল—এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ওই দোকানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা নিশ্চিত করে দোকান দুটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রোজা মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা এবং সাগরিকা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বেচাকেনা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।







