গাজীপুর শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ (বিডি) লিমিটেড কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মুলাইদ এলাকার এমসি বাজারে এ ঘটনা ঘটে।
শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত সময়ে বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করেনি কারখানা কর্তৃপক্ষ। কয়েক দফা আশ্বাসের পরও বেতন না পাওয়ায় তাঁরা সড়কে নামতে বাধ্য হন। বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরও বাড়ে।
অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে আলোচনায় বসার আহ্বান জানায়। তবে অবরোধ অব্যাহত থাকায় পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রমিকদের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, বকেয়া বেতনের দাবিতে গত শনিবার থেকে শ্রমিকেরা আন্দোলন করে আসছেন। বুধবারও তাঁরা কয়েক দফায় সড়ক অবরোধ করেন। বেতন পরিশোধের আশ্বাসে সড়ক ছেড়ে কারখানার ভেতরে ফিরে গেলেও নির্ধারিত সময়ের মধ্যে বেতন না পাওয়ায় বৃহস্পতিবার আবারও আন্দোলনে নামেন তাঁরা।
এর আগে কারখানার উৎপাদন ব্যবস্থাপক মো. ফরহাদ জানিয়েছিলেন, বিভিন্ন জটিলতার কারণে নির্ধারিত সময়ে সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। এ বিষয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।








