পবিত্র খোশরোজ শরীফে ভক্তদের ঢল: মাইজভাণ্ডার দরবার শরীফে বাবা ভাণ্ডারী (ক.)-এর ৯১তম বার্ষিক ওরশ সম্পন্ন

গাউছুল আজম বিল-বেরাছত, হযরত মাওলানা শাহসুফি সৈয়দ গোলাম রহমান (প্রকাশ বাবা ভাণ্ডারী) কেবলা (ক.)-এর ৯১তম পবিত্র খোশরোজ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল ২৯ আশ্বিন ১৪৩৩ বাংলা (১৪ অক্টোবর ২০২৬ ইং), রোজ বুধবার ফটিকছড়ির ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে এই পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
ওরশ শরীফের যাবতীয় আয়োজন পরিচালনা করে মাইজভাণ্ডারী তরিকা ও আদর্শবাহী অন্যতম সংগঠন ‘আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী’। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউছুল আজম, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুলআজম মুর্শীদে বরহক শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.) কর্তৃক মনোনীত— শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.) এবং শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.)।
দিনটি উপলক্ষে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ভক্ত ও আশেকানের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দরবার শরীফ। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, জিকির-আজকার, মিলাদ মাহফিল, দরুদ পাঠ, গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) ও বাবা ভাণ্ডারী কেবলা (ক.)-এর শানে শান-এ-রিসালত ও বিশেষ মোনাজাত।
অনুষ্ঠান শেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহর হেদায়েত, শান্তি, সমৃদ্ধি এবং বাবা ভাণ্ডারী কেবলা (ক.)-এর দরবারে সকল আয়োজন কবুলিয়াতের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে খাস মোনাজাত করা হয়।








