স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার দায়িত্বে, স্কালোনির সামনে আরো বড় চ্যালেঞ্জ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে থাকছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিশ্বকাপজয়ী এই কোচ।
চোখের জল সামলে নতুন করে পথচলার অঙ্গীকার করেছেন তিনি।
গতকাল (১২ নভেম্বর) আর্জেন্টিনার এজেইজার অনুশীলনকেন্দ্রে এক সংবাদ সম্মেলনে চুক্তি নবায়নের ঘোষণা দেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকবেন স্কালোনি ও তার কোচিং স্টাফ।
চুক্তি নবায়নের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে স্কালোনি বলেন, ‘প্রথমেই সভাপতিকে ধন্যবাদ জানাতে চাই।
এই চুক্তি বাস্তবায়নে তিনি অনেক চেষ্টা করেছেন। আমি আনন্দিত। যদিও পারিবারিকভাবে আমরা খুব একটা ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছি না, তবু এই বিষয় আমাকে সত্যিই পরিপূর্ণতা দিয়েছে। শুরু থেকেই আমরা সবাই এটাই চেয়েছিলাম।
প্রথম দিনের মতোই আমাদের একই স্বপ্ন, একই উদ্দীপনা ও একই আগ্রহ আছে। তা না হলে এখানে থাকা অসম্ভব হতো।’
২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচ আরো বলেন, ‘ভালোভাবে চিন্তাভাবনা এবং কোচিং স্টাফ ও কাছের মানুষদের সঙ্গে আলোচনা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, এগিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো হবে। খুব দ্রুতই আমরা সমঝোতায় পৌঁছেছি।
এখন আমাদের সামনে নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চাই। তাদের ওপর সবার ধৈর্য রাখা প্রয়োজন। তাদের মধ্যে অসাধারণ প্রতিভা আছে। তবে এখনই তারা মেসি কিংবা দি মারিয়ার মতো অবদান রাখার জায়গায় পৌঁছায়নি।’
২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর স্কালোনির অধীনে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ ফিনালিসিমা জিতেছে আর্জেন্টিনা। মেসির অবসরের পর নতুন দল নিয়ে আরো সাফল্য এনে দেওয়ার চ্যালেঞ্জ তার সামনে।








