সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

চার দিন পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভ্রমণের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এর আগে নিরাপত্তাজনিত কারণে ১১ অক্টোবর এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটন কেন্দ্রটি বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ অক্টোবর জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এ বিষয়ে শুক্রবার জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, সাজেক-দীঘিনালা সড়কে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে ১১ অক্টোবর সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বৃহস্পতিবার রাতে সিদ্ধান্তটি পরিবর্তন করে পর্যটন কেন্দ্রটি পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
অন্যদিকে, দাবির বিষয়ে স্থানীয় প্রশাসনের আশ্বাসে ১১ অক্টোবর স্থগিত করা অনির্দিষ্টকালের সাজেক সড়ক অবরোধ কর্মসূচি শুক্রবার আবারও পালন করে স্থানীয় সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। তবে এদিনই পরবর্তী এক সপ্তাহের জন্য কর্মসূচি আবার স্থগিত ঘোষণা করা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি স্থগিত করার পর সাজেক সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সাজেক মাচলংবাজার দুর্গাপূজা উদযাপন কমিটির বিশেষ অনুরোধ এবং ধর্মীয় উৎসবের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবরোধ স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।








