জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: সদর থানার অভিযানে ৩ জনকে গ্রেফতার

গাজীপুর মহানগরীর সদর থানাধীন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় সরাসরি জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫:৩০ ঘটিকার সময় কয়েকজন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আকস্মিক হামলা চালায়। উদ্দেশ্য ছিল পুলিশ হেফাজতে থাকা গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়া।
হামলার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে সদর থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান-এর নেতৃত্বে সদর থানার একাধিক অফিসার ও ফোর্স, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি এবং জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় সরাসরি জড়িত ৩ (তিন) জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় সদর থানার আভিযানিক টিম।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ শুভ (২০), পিতা- মোঃ তুষার, মাতা- ময়না, সাং- ভোড়া হাজীবাগ, থানা- সদর, গাজীপুর মহানগর।
সানোয়ার হোসেন হৃদয় (২৩), পিতা- হরমুজ আলী, মাতা- নূরজাহান, সাং- পূর্ব চান্দনা, থানা- সদর, গাজীপুর মহানগর। মোঃ ইয়াছিন (২৬), পিতা- মোঃ আক্কাস আলী, মাতা- মিনারা বেগম, সাং- পূর্ব চান্দনা, থানা- সদর, গাজীপুর মহানগর।
উক্ত ঘটনায় রেলওয়ে পুলিশে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক জয়দেবপুর রেলওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে এবং রেলওয়ে পুলিশ কর্তৃক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।








