গাজীপুরে ভাওয়াল রাজদিঘি সংস্কার ও রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

গাজীপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী ভাওয়াল রাজদিঘি সংস্কার, দূষণমুক্ত রাখা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘ভাওয়াল রাজদিঘি সংস্কার ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন আন্দোলন’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ বুধবার (২১ শে অক্টোবর) বেলা ১১:০০ ঘটিকায় ভাওয়াল রাজদিঘীর পাড়ে এই সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির আওতায় দিঘীর পাড়ের বাসিন্দা, পথচারী এবং স্থানীয় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং দিঘী সুরক্ষায় সচেতনতামূলক আলোচনা করা হয়।
সংগঠনটির নেতৃার্থীরা জানান, শতবর্ষী ভাওয়াল রাজদিঘি কেবল একটি জলাশয় নয়; এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও আবেগের প্রতীক। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শহরের সৌন্দর্য বর্ধনে এটি এক অনন্য সম্পদ। গাজীপুর জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের মাধ্যমে রাজদিঘির প্রয়োজনীয় সংস্কার ও সৌন্দর্যবর্ধনমূলক পদক্ষেপে সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।
কেন শতবর্ষী রাজদিঘি রক্ষা করা জরুরি?
লিফলেটে রাজদিঘি রক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ গুরুত্ব তুলে ধরা হয়:
পরিবেশের ভারসাম্য: দিঘি স্থানীয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ভূগর্ভস্থ পানির স্তর বজায় রাখতে সাহায্য করে।
জরুরি সুরক্ষাকবচ: যেকোনো ধরণের অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও জরুরি সেবার জন্য এটি পানির দ্রুততম ও প্রধান উৎস।
স্বাস্থ্য ও সৌন্দর্য: পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নাগরিক জীবনে মানসিক প্রশান্তি আনে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করে।
জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান:
দিঘি ও এর আশপাশের পরিবেশ দূষণমুক্ত রাখতে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের প্রতি কিছু সচেতনতামূলক নির্দেশনাবলী অনুসরণ করার বিনীত অনুরোধ জানানো হয়েছে:
১. বর্জ্যমুক্ত দিঘী: দিঘীর পানিতে ময়লা, পলিথিন বা প্লাস্টিক বর্জ্য না ফেলা।
২. রাসায়নিক মুক্ত রাখা: পানিতে সাবান, ডিটারজেন্ট ব্যবহার না করা এবং কাপড় ও বাসনাদি ধোয়া থেকে বিরত থাকা।
৩. সবুজ রক্ষা: দিঘীর পাড়ের গাছপালা কাটা থেকে বিরত থাকা এবং গাছের গোড়ায় ময়লা না ফেলা।
৪. জীববৈচিত্র্য ও শিশু সুরক্ষা: দিঘীর মাছ ও জলজ প্রাণীর আবাসস্থল নষ্ট না করা, শিকার বন্ধ রাখা এবং শিশুদের একাকী দিঘীর কাছাকাছি যেতে না দেওয়া।
৫. যানজট নিরসন ও পরিচ্ছন্নতা: দিঘীর পাড়ে অবৈধভাবে যানবাহন পার্কিং না করা এবং ব্যবসায়ীদের নিজ নিজ দোকানের আশপাশ পরিচ্ছন্ন রাখা।
উক্ত কর্মসূচিতে আয়োজক সংগঠনের আহ্বায়ক মনোয়ার হোসেন রনি এবং সদস্য সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম আলমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








