উপ-উপাচার্য (শিক্ষা)-এর অভিনন্দন
জাবি জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস্ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস্ অ্যাসোসিয়েশনের ২০২৭-২০২৮ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল (১৬ অক্টোবর ২০২৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সভায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের কর্মকর্তাগণ সশরীরে এবং অনলাইনে (জুম-এ) অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের সাবেক পরিচালক আবুল কাশেম শিখদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি ড. মোহাম্মদ মহিউদ্দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২২-তম ব্যাচের শিক্ষার্থী। তিনি দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসে কর্মরত রয়েছেন। মোহাম্মদ মহিউদ্দিন ‘বৃহত্তর ঢাকা জেলার উন্নয়ন সাংবাদিকতা- ১৯৭২-১৯৯০’ শীর্ষক বিষয়ে এমফিল এবং ‘বাংলাদেশে রাজনৈতিক অনুসন্ধানী সাংবাদিকতার স্বরূপ-২০০৯-২০১৩’ শীর্ষক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. মোহাম্মদ মহিউদ্দিন বিভিন্ন সংবাদপত্রে আহমেদ সুমন নামে গণমাধ্যম, সমসাময়িক বিষয় এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে দুই শতাধিক কলাম লিখেছেন। তিনি গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক ৩টি অ্যাকাডেমিক গ্রন্থ লিখেছেন। এরমধ্যে ‘জনসংযোগ: তত্ত্ব ও প্রয়োগ’ বাংলা ভাষায় লিখিত জনসংযোগ বিষয়ক প্রথম গ্রন্থটি তিনি রচনা করেছেন। ইতোমধ্যে তাঁর ৩টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
ড. মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস্ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত অধ্যাপক ড. মো. শামছুল আলম তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আজ এক অভিনন্দন বার্তায় উপ-উপাচার্য (শিক্ষা) আশা করেন, ড. মহিউদ্দিনের নেতৃত্বে এই সংগঠন আন্তঃবিশ্ববিদ্যালয়ের তথ্য আদান-প্রদান এবং জনসংযোগ পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।








